শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মীর আবদুস সালাম, মাসুম আহমেদ তালুকদার, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশীদ হাবিব, আমিনুর হক, এসএম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু, শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, আরিফা সুলতানা রুমা, মীর সরফাত আলী সপু, রফিকুল ইসলাম, শফিকুল আলম মিল্টন, রফিকুল ইসলাম বাচ্চুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্যরা কিছুক্ষণ নীরবতা পালন করে বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান।
পরে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বিএনপি ও এর সহযোগী এবং অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করছে।
রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। বিএনপি দিনটি তাঁর ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে।
দিবসটি উপলক্ষে ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একইসঙ্গে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব, এ্যাব, ওলামা দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিএনপির আট দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা আড়াইটা থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি ভবনের সামনে থেকে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপি চেয়ারম্যান রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মোট ১৭টি স্পটে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।