মশা নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে - এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসির অর্থায়নে ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত সফরের উদ্দেশ্য ছিল মশক নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করা।
ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, এই উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পরে প্রধানমন্ত্রী বলেন, “মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই থেকে তিন ঘণ্টা অবস্থান করলেই মশা নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”
এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “আগে বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট বিদেশ সফরের নামে কর্মকর্তাদের বিদেশে পাঠাতেন। এতে প্রায়ই রাষ্ট্রীয় অর্থের অপচয় হতো।”
এ উদ্যোগ সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর কমানোর ব্যাপারে বর্তমান সরকারের দৃঢ় পদক্ষেপের অংশ বলে বিএনপি মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে।
অন্যদিকে, সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ফ্লোরিডা সফরের প্রস্তাবটি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।



