ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ

ঈদ-উল-আজহা উদযাপন শেষে অনেকে আগেভাগেই ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। আবার অনেকেই ঢাকায় ঈদ শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছেন। যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড ও কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যায়, রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোয় বেড়েছে মানুষের ব্যস্ততা ও ফিরতি যাত্রীদের ভিড়। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর উপস্থিতি চোখে পড়েছে। 

সরেজমিনে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই যাত্রীরা হুড়মুড় করে নামছেন। তারা দ্রুত ব্যাগ-লাগেজ নিয়ে স্টেশন ছাড়ছেন। 

শুধু ঈদের ফিরতি যাত্রাই নয়, ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন কেউ কেউ। 

সিলেটগামী ট্রেনের এক যাত্রী বলেন, “আমাদের এক ঈদে ছুটি হয়। গত ঈদে ছুটি কাটিয়েছিলাম। এবার ঈদে ডিউটি করেছি। ডিউটি শেষ করে আজ থেকে ছুটিতে যাচ্ছি।” 

রেলস্টেশনে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী বলেন, “সকালে ফিরতিযাত্রার মানুষের চাপ ছিল। আপাতত কিছুটা কম। তবে এখনো সেভাবে মানুষের ফেরা শুরু হয়নি। এখন ফিরছে, তবে তুলনামূলক কম।”