খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও ২ নাতির মরদেহ উদ্ধার

খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও ২ নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় মহানগরীর সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে এ ৩টি মরদেহ উদ্ধার হয়।

উদ্ধার হওয়া ৩টি লাশের পরিচয় হলো নানী বেবি (৬৫), বড় নাতি শামীম ব্যাপারী (১২) ও ছোট নাতি মোস্তাকিম (৪)।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন,  “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকান্ড ঘটেছে। নানী বেবি, বড় নাতি শামীম ও ছোট নাতি মোস্তাকিম (৪) এর লাশ পাওয়া গেছে।“

তিনি আরও জানান, পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এ হত্যাকান্ড ঘটায় বলে প্রাথমিকভাবে জানা যায়।

প্রসঙ্গত, ৪ বছর আগে ফাতেমা বেগমের প্রথম স্বামী মাসুম বেপারী (৪৫) ডিভোর্স হয়। ডিভোর্সের পর তাদের সন্তান শামীম এবং মুস্তাকিম তার মা ফাতেমা বেগমের সাথে বসবাস করতে থাকেন।