টানা ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী

ঈদ-উল-আজহা উপলক্ষে টানা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ও নগরবাসী।

রবিবার (৩১ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে যাত্রীদের চলাচল দেখা গেলেও অন্য বছরের তুলনায় ভিড় ছিল অনেকটাই কম। ফলে সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা স্বস্তিতে রাজধানীতে পৌঁছেছেন।

দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লঞ্চে আসা যাত্রীরা জানিয়েছেন, তাদের যাত্রা ছিল নির্বিঘ্ন ও আরামদায়ক। একইভাবে বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী বাসগুলোতেও অতিরিক্ত চাপ দেখা যায়নি। বাস কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন ছিল না এবং যাত্রীরা সহজেই নিজ নিজ গন্তব্যে যেতে পেরেছেন।

পরিবহন সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ছুটির কারণে সবাই একদিনে কর্মস্থলে ফিরছেন না। অনেকেই কয়েক ধাপে রাজধানীতে ফিরছেন, ফলে যাত্রীচাপ ছড়িয়ে পড়েছে এবং পরিবহন ব্যবস্থাপনা সহজ হয়েছে। অন্যদিকে, যারা ছুটির সময় বাড়ি যেতে পারেননি, তাদের অনেকেই এখন পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হচ্ছেন। এ কারণে রাজধানীর পরিবহন কেন্দ্রগুলোতে ঢাকামুখী ও গ্রামমুখী, দুই ধরনের যাত্রীর উপস্থিতি দেখা যাচ্ছে।

যাত্রীরা বলছেন, স্বাভাবিক যান চলাচল, তুলনামূলক ফাঁকা সড়ক এবং পর্যাপ্ত পরিবহন সুবিধার কারণে এবারের ঢাকা ফেরা অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে। তবে ছুটি শেষ হওয়ার আগে বিকেল ও সন্ধ্যার দিকে রাজধানীমুখী যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।