বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক কেড়ে নিলো ১০ প্রাণ 

বগুড়ায় ঈদ-উল-আজহার ছুটিতে শিবগঞ্জ, শেরপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, পরিবহণ শ্রমিকসহ বিভিন্ন পেশার ১০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন, অন্তত ছয়জন। এরমধ্যে তিনটি দুর্ঘটনাই মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে ঘটে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন, কাহালু থানার ওসি শফিকুল ইসলাম, নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান, শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন ও কাহালু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এসব তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের আজিজার রহমানের ছেলে প্রধান শিক্ষক আশরাফ আলী প্রামানিক (৫৬), নওগাঁ সদরের খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে রাহিম বিজয় (২৩), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফ হোসেনের ছেলে মো. অপূর্ব (১৮) ও একই এলাকার সুরুজ বাঁশফোড়ের ছেলে প্রেম বাঁশফোড় (২০), বগুড়ার শেরপুর পৌরসভার উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র আবু রায়হান (২০) ও শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার প্রবাসী নান্নু মিয়ার ছেলে, শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন (২১) এবং নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের জিতেন্দ্র নাথ মন্ডলের ছেলে হানিফ পরিবহণের সুপারভাইজার উত্তম মন্ডল (৩০), বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ট্রাকের হেলপার মো. হৃদয় (৩০), ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনি গ্রামের ইজ্জত আলীর ছেলে ট্রাক হেলপার মো. ইনজামাম (২০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরতবাড়ি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে কারখানা শ্রমিক রবিউল আউয়াল জিয়া (৪২)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ মে শনিবার রাত ৯টার দিকে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নে চকহবিবেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী প্রামানিক মোটরসাইকেল চালিয়ে শিবগঞ্জ থেকে বগুড়া শহরের বাড়িতে ফিরছিলেন। এসময় উপজেলা সদরের লালদহ এলাকায় পৌঁছুলে আলু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

গত ২৯ মে সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে দুটি বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু রাহিম বিজয়, মো. অপূর্ব ও প্রেম বাঁশফোড় প্রাণ হারান। এ সময় দু’জন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া, ঈদের দিন ২৮ মে রাত পৌছে ৯টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শুভগাছা শাফলজানি এলাকায় শেরপুর-ধুনটে সড়কে তিনটি বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু শিক্ষার্থী আবু রায়হান ও তামিম হোসেন নিহত হন। এ সময় আহত বন্ধু রাজন, সিয়াম, হাসান ও ছামিরকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় গত ২৬ মে মঙ্গলবার রাত থেকে ২৭ মে বুধবার সকাল পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার উত্তম মন্ডল, ট্রাকের হেলপার মো. হৃদয়, ট্রাকের হেলপার মো. ইনজামাম ও কারখানা শ্রমিক রবিউল আউয়াল জিয়া নিহত হন।