বেতনবৈষম্য কমাতে সরকারের বড় উদ্যোগ

দীর্ঘদিনের অপেক্ষার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হতে যাচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন।

সম্প্রতি সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কম বেতনভোগী কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য। 

সূত্রগুলো জানায়, প্রস্তাবিত বেতন কাঠামোয় উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্নস্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশও উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবিত হিসাব অনুযায়ী, প্রথম গ্রেডের বর্তমান ৭৮ হাজার টাকার মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেলে তা ১ লাখ ১৭ হাজার টাকায় উন্নীত হতে পারে।

দ্বিতীয় গ্রেডে বর্তমান ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকার বেতন বেড়ে সম্ভাব্য ৯৯ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকায় পৌঁছাতে পারে।

তৃতীয় গ্রেডে বর্তমানে ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকার বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেলে তা ৮৪ হাজার ৭৫০ থেকে ১ লাখ ১১ হাজার ৬০০ টাকায় উন্নীত হতে পারে। একইভাবে চতুর্থ গ্রেডের বর্তমান ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকার বেতন বেড়ে সম্ভাব্য ৭৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ৮০০ টাকায় পৌঁছাতে পারে।

পঞ্চম থেকে দশম গ্রেড পর্যন্ত চাকরিজীবীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির আভাস পাওয়া গেছে। ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হলে এসব গ্রেডের মূল বেতনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হলে ১১তম গ্রেডের বেতন ১৮ হাজার ৭৫০ থেকে ৪৫ হাজার ৩৪৫ টাকা পর্যন্ত হতে পারে। একইভাবে ১২তম, ১৩তম, ১৪তম ও ১৫তম গ্রেডেও কয়েক হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শতভাগ বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে। যদি ১১তম থেকে ২০তম গ্রেডের বেসিক বেতন দ্বিগুণ করা হয়, তাহলে ১১তম গ্রেডের বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৪৬০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। একইভাবে ১২তম গ্রেডের বেতন দাঁড়াতে পারে ২২ হাজার ৬০০ থেকে ৫৪ হাজার ৬০০ টাকায়।

চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন জারির পর নতুন পে স্কেলের বিস্তারিত কাঠামো প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।