Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জনপ্রশাসন প্রতিমন্ত্রী: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

মিরপুরের ফ্ল্যাট থেকে যুগ্ম সচিবের মা নুরজাহান বেগমের (৭৫) পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ

আপডেট : ০৩ জুন ২০২৬, ০১:৪০ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, রাজধানীর মিরপুর এলাকায় নিঃসঙ্গ নুরজাহান বেগমের (৭৫) পচা-গলা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৩ জুন) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রচলিত আইন ও বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, যুগ্ম সচিব আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত আছেন।

পরবর্তীতে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “আমরা বিষয়টি দেখবো। আইন আছে, যেখানে বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিধান রয়েছে। আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।”

তিনি আরও বলেন, “আমি এরইমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি দেখতে বলেছি। প্রয়োজনীয় তথ্য বের করে আমরা দেখছি।”

আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, “অবশ্যই বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আইন অনুযায়ী যা করণীয়, সেটাই করা হবে।”

জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি ফ্ল্যাট থেকে রবিবার (১ জুন) রাতে নুরজাহান বেগমের (৭৫) পচা-গলা ও পোকা ধরা মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। বেশ কয়েকদিন ধরে বাড়িটি বন্ধ থাকায় এবং ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবায় খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর ওই বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নুরজাহান বেগমের সঙ্গে একই বাসায় পাশাপাশি রুমে বসবাস করলেও মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেননি তার মেয়ে।

প্রতিবেশীদের অভিযোগ, নুরজাহান বেগম দীর্ঘদিন একা বসবাস করতেন। তার অন্য আরেক সন্তান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে স্কুল শিক্ষিকা। নুরজাহান বেগমের দুই ছেলে আলাদা থাকতেন। মায়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না।

নুরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমান ও অপর ছেলে এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের একজন অধ্যাপক। তাদের নাম সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

   

About

Popular Links

x