Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রেনের গতি কমতেই নামার চেষ্টা, ভয়াবহ দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকায় কাটা পড়ে তিনি

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

রাজধানীর খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনায় তন্ময় বর্মন আকাশ (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে রেললাইনে পড়ে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়িসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় বর্মন আকাশ গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকার বাসিন্দা। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। মাত্র নয় মাস আগে তার বিয়ে হয়েছিল। তিনি ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, চাকরির পরীক্ষাসংক্রান্ত একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে অংশ নিতে মঙ্গলবার সকালে গাজীপুর থেকে ট্রেনে ঢাকায় আসেন তন্ময়। খিলগাঁও এলাকায় ট্রেনের গতি কমে এলে তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় পা পিছলে রেললাইনে পড়ে গেলে তার দুটি পা ট্রেনের নিচে চলে যায়। এতে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য পা গুরুতরভাবে থেঁতলে যায়।

স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে তন্ময়ের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x