ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অচেতন অবস্থায় এক যুবককে রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। পরে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও হাসপাতালের এক কর্মী এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল আকাশি রঙের শার্ট ও ভেতরে সাদা গেঞ্জি।
হাসপাতালের জরুরি বিভাগের ট্রলিম্যান পারভেজ মোশাররফ বলেন, “অচেতন অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন দুজন। তাকে ট্রলির ওপর রেখে টিকিট কাটার কথা বলে তারা চলে যান, আর ফেরেননি। পরে তাদের অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে আমি নিজেই টিকিট কেটে তাকে জরুরি বিভাগে নিই। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। যুবককে রেখে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।



