ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আসামিবাহী পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে গেছে। এতে ৩ পুলিশ সদস্য ও ২ আসামিসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মনিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
আহতরা হলেন পুলিশ কনস্টেবল মো. মোস্তফা (৩০), জুমান মিয়া (৩০), পিকআপচালক মো. তোফায়েল মিয়া (৪২), মাদক মামলার রিমান্ডের আসামি মোহন মিয়া (৪২) এবং পারিবারিক মামলার আসামি রোজিনা আক্তার (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়নগর উপজেলার একটি মাদক মামলার রিমান্ডের আসামি ও পারিবারিক মামলার এক নারী আসামিকে নিয়ে দুই কনস্টেবল পিকআপে করে জেলা জজ আদালতে আসছিলেন। মনিপুর বাজারে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত পানিতে নেমে আহতদের উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন বলেন, “হঠাৎ দেখি, দ্রুতগতির পুলিশের পিকআপটি অন্তত ২০ ফুট গভীর খালে পড়ে গেল। এরপর আমরা বাজারের লোকজন দৌড়ে গিয়ে আহতদের উদ্ধার করি।”
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান এবং আহতদের খোঁজখবর নেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের অপারেশন থিয়েটারসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়।
পুলিশ সুপার নিশ্চিত করেন, আহতদের মধ্যে একজন আসামি ও একজন পুলিশ সদস্যের অবস্থা গুরুতর। তাদের মাথায় সিটি স্ক্যান করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।



