Friday, October 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহজালালে ৩ টি স্বর্ণের ডিম উদ্ধার, আসামি রিমান্ডে

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ২৯০ গ্রাম স্বর্ণের পেস্ট (ডিম্বাকৃতির) উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিমানবন্দর থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আনিছুর রহমান আরমানকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার নথি অনুযায়ী, গত ৮ অক্টোবর শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটে ঢাকায় আসেন ৩৬ বছর বয়সী আরমান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তাকে নজরদারিতে রাখেন কাস্টমসের প্রিভেন্টিভ টিম। ইমিগ্রেশনের কাজ শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় গেলে সন্দেহের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়।

এ সময় তার পায়ুপথে সাদা স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির তিনটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলোর ভেতরে ছিল ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, প্রতিটি প্যাকেটে ৪৩০ গ্রাম করে মোট ১ হাজার ২৯০ গ্রাম স্বর্ণের পেস্ট ছিল। এসব পেস্ট পরিশোধন করলে আনুমানিক এক কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা এইচ এম মামুন কায়সার বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ২০২৩ সালের কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, আরমান দীর্ঘদিন ধরে বিদেশ থেকে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। এ চক্রের মূলহোতা, অর্থের জোগানদাতা ও পলাতক সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

   

About

Popular Links

x