সুপ্রিম কোর্টে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত “বিজয়-৭১” ভবন থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দুপুরে ভবনটির অষ্টম তলার শৌচাগার-সংলগ্ন গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত কর্মচারীর নাম মো. কামাল উদ্দিন। তিনি হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির জমাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবারই তার অন্য একটি শাখায় বদলির কথা ছিল।

খবর পেয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে বেলা আড়াইটার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ঘটনার পর প্রধান বিচারপতির কার্যভার পালনরত আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, ভবনের অষ্টম তলার শেষ প্রান্ত থেকে একজন কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে বিষয়টি নজরে এলে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে।

তিনি বলেন, “পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।“

সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৯৭৯ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণকারী কামাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।