সুনামগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম হুমায়ুন আহমেদ (৩০)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের বাসিন্দা এবং রতারগাঁও গ্রামের দক্ষিণপড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ইমামতির সুবাদে হুমায়ুন আহমেদ মসজিদসংলগ্ন এক বাড়ির দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ মে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং পরবর্তীতেও একাধিকবার তাকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং তাকে ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা অভিযুক্তের বিরুদ্ধে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্বম্ভরপুর থানা পুলিশকে নির্দেশ দেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি শাহীন মিয়া জানান, অভিযুক্তকে বুধবার (৫ আগস্ট) আদালতে সোপর্দ করা হবে।



