চট্টগ্রামে আবাসিক হোটেলে দম্পতির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে মো. রিপন (৪৭) ও তাঁর স্ত্রী সোনিয়া আক্তারের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে রয়েল পার্ক নামের হোটেলের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিপন নগরীর লালখান বাজারের ঢেবার পাড় এলাকার বাসিন্দা এবং ভ্যানে ফল বিক্রি করতেন। তার স্ত্রী সোনিয়া আক্তার গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে দম্পতি হোটেলটিতে একটি কক্ষ ভাড়া নেন। রাতে তাদের একসঙ্গে খাবার খেতে দেখা যায়। পরদিন সকালে কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে হোটেলের এক কর্মচারী ভেতরে প্রবেশ করেন। সেখানে রিপনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং সোনিয়াকে খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

আকবরশাহ থানার এসআই ফজলুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।“

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।