কক্সবাজারে মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত

কক্সবাজারে একটি কালভার্ট নির্মাণের সময় মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের দরিয়া নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকরা হলেন- মোহাম্মদ ইলিয়াছ (৩০) ও মোহাম্মদ রাকিব (২৫)। এসময় আহত শাহাজালালকে (৩৫) প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- প্রতিদিনের মতো কক্সবাজার শহরের দরিয়ানগর ভেটিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি সড়কে পাহাড়ের পাশে কালভার্ট নির্মাণ করছিল ‘লাকী এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এসময় কালভার্ট নির্মাণের ঢালাইয়ের কাজের জন্য মাটি খুড়ে বেইজ তৈরি করার সময় মাটির একটি অংশ ধ্বসে পড়ে। এতে চাপা পড়ে ৩ জন শ্রমিক। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মারা যাওয়া শ্রমিকদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

কালভার্ট নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক আবদুল খালেক বলেন, “প্রতিদিনের মতো আমরা ১০ থেকে ১৫ জন শ্রমিক কালভার্ট নির্মাণের কাজ করি। আজ সকালে কালভার্ট নির্মাণের জন্য মাটি খনন করে বেইজ নির্মাণের সময় মাটি ধসে পড়ে। এতে ইলিয়াছ, রাকিব ও শাহাজালাল মাটিতে চাপা পড়ে যায়। এরমধ্যে ইলিয়াছ ও রাকিব মারা যায়। এরা ২ জনই আমার ভাগিনা।” 

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার জানান,  দরিয়ানগরে মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহতের বিষয়টি তিনি এখনও অবগত নন। বিষয়টি জেনে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।