নদীতে গোসলে নেমে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রংপুর নগরীর তাজহাটহাট পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার। তিনি ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৫ জুন) দুপুর ১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শিক্ষার্থী শিহাব তার তিন বন্ধুসহ রংপুর নগরীর পানবাড়ি ব্রিজের কাছে ঘাঘট নদীতে গোসল করতে নেমেছিলেন। এক পর্যায়ে শিহাব গভীর পানিতে ডুবে যান। তার বন্ধুরা সাঁতার কেটে নদীর তীরে আসতে পারলেও তাকে আর পাওয়া যাচ্ছিল না।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে শিহাবকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ফারুখ জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনার সময় তার হৃদস্পন্দন ছিল। কিন্তু জরুরি বিভাগে আনার পর তার মৃত্যু হয়।

শিক্ষার্থী শিহাব শাহরিয়ারের বাড়ি রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা সূত্রাপুর এলাকায়। তার বাবার নাম মুকুট মিয়া। মায়ের নাম শাহানাজ বেগম।

এদিকে, বেরোবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর ক্যাম্পাসে জানাজানি হলে শিক্ষাথীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে তার সহপাঠি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগঘন শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।