দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ

বৈরি আবহাওয়া ও পদ্মা নদীতে তীব্র ঢেউয়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে পদ্মা নদীতে ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টিপাত এবং নদীর উত্তাল পরিস্থিতির কারণে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল স্থগিত করা হয়।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দুপুর ২টার পর হঠাৎ করেই দৌলতদিয়া ঘাট এলাকায় কালো মেঘে আকাশ ছেয়ে যায়। এরপর তীব্র ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টিপাত। একই সময়ে পদ্মা নদীতে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “নদীতে হঠাৎ ঝড়ো বাতাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।”

ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় প্রান্তে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।