Saturday, August 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ায় বন্ধ ফেরি চলাচল

এতে আটকা পড়েছে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে যাত্রী এবং পণ্যবাহী যানবাহন

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি, সি-ট্রাকসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে।

এতে আটকা পড়েছে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে যাত্রী এবং পণ্যবাহী যানবাহন।

চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে চলাচলকারী ফেরি মহানন্দার ব্যবস্থাপক মো. ফয়সাল বলেন, “৩ নম্বর সিগন্যাল এবং নদীতে ঢেউ অনেক বেশি থাকায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। সিগন্যাল উঠে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।”

চেয়ারম্যান ঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন বলেন, “বুধবার (১২ আগস্ট) দুপুরে ফেরি মহানন্দা নলচিরা ঘাট থেকে ফিরে চেয়ারম্যান ঘাটে যাত্রী ও যানবাহন নামানোর পর নদীতে নোঙর করে রাখা হয়েছে। ফলে ঘাটে হাতিয়া অভিমুখী পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।”

এছাড়া দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা আটকা পড়েছেন। ঘাটে ভালো আবাসিক হোটেল বা শৌচাগার না থাকায় যাত্রী ও পরিবহনের চালক, সহকারীদের কষ্ট করতে হচ্ছে বলে জানান তিনি।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

জেলা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাইজদী শহরে ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

   

About

Popular Links

x