শিশু রামিসা হত্যা মামলা: আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা ও তার স্ত্রী স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

রবিবার (৭ জুন) বেলা ১১ টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় পড়া শুরু করেন। এসময় আট বছরের শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের কথা স্বীকারের বিষয়টি পড়ে শোনান বিচারক।

পরে বেলা ১১টা ৪০ মিনিটে রায় ঘোষণা করেন।

এর আগে সকালে কারাগার থেকে আসামিদের প্রিজন ভ্যানে করে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। গত ৪ জুন, যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঘোষণা করা হয়। এ রায়ের মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে বিচার কাজের নজির তৈরি হলো।