স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবেন

স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, শর্ত মানলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে। যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না।

তথ্য উপদেষ্টা জানান, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে যে দলেরই হোক ব্যক্তিগতভাবে এই নির্বাচনে অংশ নিলে কারও ক্ষেত্রে বাধা থাকবে না।

স্থানীয় সরকার নির্বাচনে সরকার আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেবে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, “কোনো রকম কোনো সমস্যা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট (অংশগ্রহণ) করতে চান, তিনি যদি আওয়ামী লীগের…কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না। একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া (শর্ত) আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। নিশ্চয়ই পারেন।”

প্রসঙ্গত, গত ২ জুন সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।