কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা এবং টহল গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে থ্রি-হুইলার চালকদের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা হাইওয়ে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়। এতে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে স্থানীয়দের ভাষ্য, এক অটোরিকশা চালকের সঙ্গে এক পুলিশ সদস্যের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই পুলিশ সদস্য অটোরিকশার সামনে গ্লাসে আঘাত করেন। এ সময় অন্যান্য চালকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ভাঙচুর করে। এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।