হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৬৪৩ জনে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,১৫৩ শিশু।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৫১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯২ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৪৩ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১২৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,০২৭।

এই সময়ে ৮৭৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১০ এপ্রিল থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৪,১৬৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০,১৮৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৮,৯৩৪ রোগী, যাদের মধ্যে ৬৫,২৭৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।