মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর রহমান ভারতীয় সীমানায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, মনু নদীতে নামার পর ভুলবশত ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে।”
রাত ৯টা পর্যন্ত নিহত মুজিবুর রহমানের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।