পরিচয় মিললো দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়া সেই কর্মীর

বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন শেখ তারেক নামে এক কর্মী। 

শুক্রবার (১২ জুন) জুমার দিনে ব্যতিক্রমী উপায়ে দুধ দিয়ে গোসল করে তিনি আনুষ্ঠানিকভাবে দল ত্যাগের ঘোষণা দেন।

শেখ তারেক ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের একজন সক্রিয় কর্মী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ তারেক গত ১৪-১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন দলের জন্য কাজ করলেও সম্প্রতি দলে তাঁর গুরুত্ব কমে যাওয়ায় তিনি এই চরম সিদ্ধান্ত নেন।

দল ত্যাগের কারণ ব্যাখ্যা করে শেখ তারেক বলেন, “দীর্ঘ ১৪-১৫ বছর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম। আমি দলের একজন দুর্দিনের কর্মী ছিলাম। এখন দলের সুদিন চলছে। আর এই সুসময়ে দলে বিভিন্ন অনুপ্রবেশকারী প্রবেশ করছে। নানা কারণে দলের কাছে এখন আমার গুরুত্ব কমে গেছে এবং আমি চরম অবহেলার শিকার হয়েছি।”

দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ ও অভিমানী এই কর্মী শুক্রবার জুমার নামাজের আগে প্রকাশ্য স্থানে বালতিভর্তি দুধ দিয়ে গোসল করেন।

তিনি আরও বলেন, “জুমার দিনে পবিত্র হয়ে দুধ দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে এই দলটির কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বা সাংগঠনিক বিষয়ের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।”

এক যুগেরও বেশি সময় ধরে যুক্ত থাকা একনিষ্ঠ কর্মীর এভাবে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এই বিষয়ে স্থানীয় বা উপজেলা জামায়াত নেতৃবৃন্দের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।