ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে ফেলায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের বেপরোয়া গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত না হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।“