ময়মনসিংহে ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন

তিন ঘণ্টার ব্যবধানে আবারও রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবার জেলার আঠারবাড়ি স্টেশনসংলগ্ন এলাকায় জামালপুরগামীবিজয় এক্সপ্রেসট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সাময়িকভাবে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন লাগে। মুহূর্তেই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করলে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি মাঝপথে থামিয়ে দেওয়া হয়। আগুনের কারণে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি আর এগোতে পারেনি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটিকে ময়মনসিংহ স্টেশনে নিয়ে আসার কাজ চলছে। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে একই দিন দুপুরে ঢাকা-ময়মনসিংহ রুটেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বেলা সাড়ে ১২টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসাজামালপুর এক্সপ্রেসট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।

পরে দুপুর আড়াইটার দিকে ইঞ্জিনের হুক মেরামত শেষে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

একই দিনে পরপর দুটি ঘটনায় ময়মনসিংহ অঞ্চলের রেল যোগাযোগে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে রেল কর্তৃপক্ষ।