যশোরে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে একাধিক মামলার আসামিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ জুন) দিনগত রাত ২টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ হোসেন (২৯) নামের ওই ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বুধবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “দুর্বৃত্তদের হামলায় রিয়াজ হোসেন নামের একাধিক মামলার আসামি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকের ৬টি মামলা রয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রিয়াজ হোসেন একজন সন্ত্রাসী প্রকৃতির যুবক ছিলেন। মাদকের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে কে বা কারা ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ সবুজ বলেন, “মঙ্গলবার দিনগত রাত ২টার পর রিয়াজ হোসেন নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”