পে স্কেল বাস্তবায়নের রূপরেখা নিয়ে বৈঠক শেষ, জানা গেলো সিদ্ধান্ত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন এই বেতন কাঠামো কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) নতুন এই পে স্কেল বাস্তবায়নের রূপরেখা ও সঠিক কৌশল চূড়ান্ত করতে সচিবালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, নবম পে স্কেল দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আরও কয়েকটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। এই ধারাবাহিকতায় আগামী ২৪ জুন পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির এই বিশেষ বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির নিজস্ব পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো-সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল শতভাগ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। এই কারণে আগামী জুলাই মাস থেকেই ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে। তবে আইনি প্রক্রিয়া শেষ করে সরকারি চাকুরিজীবীদের বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে আগামী অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

একই সাথে এমপিওভুক্ত শিক্ষকদের এই নতুন পে স্কেলের আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়েও সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে, যা দেশের শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।