কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে পুষ্টিসম্পন্ন সিঙ্গারা-সমুচা-কাবাব, বললেন কৃষিমন্ত্রী 

দেশের জাতীয় ফল কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা ও কাবাবসহ বিভিন্ন ফুড প্রোডাক্ট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, “কাঁঠালভিত্তিক এসব পণ্যের পুষ্টিগুণ বেশি এবং আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা বাড়ছে।”  

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন শেষে স্টল পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী জানান, দেশে এখন কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা ও কাবাবসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে, যেগুলোর পুষ্টিমান তুলনামূলকভাবে বেশি। তার ভাষায়, এসব পণ্যের “ফুড ভ্যালু হাই”। 

তিনি আরো বলেন, “কাঁঠালভিত্তিক পণ্য উৎপাদন ও প্রযুক্তি নিয়ে বিশ্বের কয়েকটি দেশ ইতোমধ্যে বাংলাদেশ থেকে তথ্য ও সহযোগিতা চেয়েছে। এসব দেশ কাঁঠাল দিয়ে নতুন ধরনের খাদ্যপণ্য তৈরিতে আগ্রহ দেখাচ্ছে।” 

মন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা এখন ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন, যা কৃষিভিত্তিক অর্থনীতিকে আরো শক্তিশালী করে তুলছে। 

এর আগে, মাংসের বিকল্প হিসেবে কাঁঠাল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

২০২২ সালের ১৯ ডিসেম্বর গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস এবং প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেছিলেন, “এই অঞ্চলে (গাজীপুরে) প্রচুর কাঁঠাল উৎপন্ন হয়। উন্নত বিশ্বে এখন মাংস খেতে চায় না। তারা মাংসের পরিবর্তে কাঁঠালের তৈরি কাবাব, বার্গার, রোল ইত্যাদি খাচ্ছে। কাঁঠালের তৈরি এসব খাবারের দামও কিন্তু অনেক বেশি। এসব খাবারের ব্যাপক চাহিদাও রয়েছে। আমাদের দেশের উচ্চবিত্তরা বার্গার, রোল জাতীয় খাবার খেতে পছন্দ করেন।” 

বিভিন্ন খাবারে মাংসের পরিবর্তে কাঁঠাল ব্যবহারের পরামর্শ দিয়ে খুব সমালোচনার মধ্যে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।