Thursday, November 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘আমি ছিলাম প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে, এদিকে ছেলেটারে মেরে ফেললো’

খুলনায় ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে নিহত ছেলের বাবা বিএনপি নেতার আহাজারি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

“প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা জেলা স্টেডিয়ামের অনুষ্ঠানে ছিলাম। এদিকে আমার ছেলে তারিকুল ইসলামকে মেরে ফেললো। গুলি করলো সন্ত্রাসীরা। কারা আমি কি করে বুঝবো। এখন আমি কার কাছে এ বিচার চাবো। প্রধানমন্ত্রী ছাড়া আমার এ কষ্ট বোঝার কেউ নেই।”

খুলনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুর্বৃত্তের গুলিতে নিহত ছেলে তরিকুল ইসলাম শেখের বাবা ডুমুরিয়ার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখ এ আকুতি করেন।

তিনি আরও বলেন, “আমি বাড়ির লোকদের এখন কিভাবে শান্তনা দিব। আমি নিজেকেও বুঝ দিতে পারছি না। এটা যে কি কষ্টের তা বলে বোঝানো সম্ভব না। কান্নায় বুকটা ফেটে যাচ্ছে।”

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ডুমুরিয়া উপজেলার গফফারের চায়ের দোকানের ভেতরে অবস্থান করছিলেন তরিকুল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছেন। সেখান থেকে আলামত জব্দ করার চেষ্টা করেছেন। ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনার কোনো মোটিভ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত খুলনায় ৭৬টি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এর মধ্যে মহানগরীতে ৩৭টি এবং জেলায় ৩৯টি ঘটনা রয়েছে।

   

About

Popular Links

x