জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে দেশের সব ধরনের পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্প মালিকরা। এর ফলে শুক্র ও শনিবার দুই দিন ছুটি পাচ্ছেন এ খাতের শ্রমিকরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আমরা শনিবার কারখানাগুলো ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছি।”
এদিকে, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কারখানাগুলোতে ছুটি দেওয়ার জন্য আমরাও সদস্যদের অনুরোধ জানিয়েছি।”
পোশাক খাতে চলমান আন্দোলনের মধ্যে দুই দিন ছুটি থাকায় তা অসন্তোষ কমাতেও সহায়ক হবে বলে মনে করছেন কারখানা মালিকরা।
প্রসঙ্গত, চলতি সপ্তাহব্যাপী অসন্তোষে শত শত কারখানা উৎপাদন চালু রাখতে পারেনি। এর পর সরকারি ছুটি ইস্যুতে নতুন করে যাতে আর সংকট তৈরি না হয়, সেটিও মাথায় রাখা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, এ বছর ৭ নভেম্বর পড়েছে শনিবার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ছুটি ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা।
তবে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এ ছুটির আওতায় থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব তফশিলি ব্যাংকও ওই দিন বন্ধ থাকবে।



