মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে ’মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৪। উদ্ধার করা পিস্তলের নলে ইংরেজিতে “মেইড ইন পাকিস্তান” লেখা দেখা যায়।

বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার শ্রীপুর গণকবাড়ী এলাকায় তাহাফিজুল কোরআনুল কারিম ফাজিল মাদ্রাসা নামে একটি ওই মাদ্রাসা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়।

র‍্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ী এলাকায় কয়েকজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী বিশৃঙ্খলা সৃষ্টি ও মাদক ব্যবসার উদ্দেশ্যে অস্ত্র মজুত করেছে। পরে র‍্যাব-৪ এর সিপিসি-২, সাভারের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে একটি নির্মাণাধীন ওয়াশরুমের ভেতরে শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রটির মালিকানা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।