গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের প্রধান আসামিকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার (১ আগস্ট) বিকেল ৩ টার দিকে রংপুর জেলার নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যৌথভাবে র্যাব ১ এবং র্যাব-১৩ এর সদস্যরা ।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে গাজীপুর মহানগরীতে একটি ভাড়া বাসায় বসবাস করে। শিশুর মা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।
ঘটনার দিন ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে শিশুকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি। ঘটনার পরপরই এলাকা থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। ভিকটিমের মা কাশিমপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করলে ঘটনাটি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে র্যাব-১ তাকে গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত শুরু করে। র্যাব-১ গাজীপুর (পোড়াবাড়ী) এবং র্যাব-১৩ (রংপুর সদর) যৌথ আভিযান চালিয়ে সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে শনিবার (১ আগস্ট) বিকেল ৩ টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার কৈকুরী (মধ্যপাড়া) গ্রামের মামলার প্রধান আসামি রাশেদুল ইসলাম ওরফে উকিলকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে তাকে।



