Sunday, August 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন শিক্ষকেরা ।

রবিবার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর তারিখে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। পাশপাশি চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান সম্পর্কিত বিজ্ঞপ্তি/সংগৃহীত

এর আগে, শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরী ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়।   

সভাশেষে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, “প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতাতে তা বিলম্বিত হয়েছে। আশাকরি, আসন্ন ২৯ অক্টোবরে তাদের যোগদান করা হবে।আগামী ২৯ অক্টোবরে যোগদান করলে তাদের পদায়নের পর পেশাগত প্রশিক্ষণ করা হবে।”

রবিবার (২ আগস্ট)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি রয়েছে । শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন হবে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা জড়ো হতে শুরু করেছেন সেখানে।

অন্যদিকে গত শনিবার সন্ধ্যায় শিক্ষকেরা এক বিজ্ঞপ্তিতে জানান, নিয়োগ বিধিমালা মেনে চলতি (আগস্ট) মাসের মধ্যেই তাদের যোগদান ও পদায়ন নিশ্চিত করতে হবে। যোগদান ও পদায়ন নিশ্চিত করে সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন/অফিস আদেশ সরকারি ওয়েবসাইটে জারি করতে হবে।

তাদের ভাষ্য, কোনো মৌখিক আশ্বাস বা সংবাদমাধ্যমের বিবৃতি সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা বিশ্বাস করছেন না। এ দাবিতে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

   

About

Popular Links

x