বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা অভিবাসনের প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন-আইইএলটিএস স্কোর কত দিন পর্যন্ত বৈধ থাকে। ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের এই পরীক্ষার রিপোর্ট ফরম বা সার্টিফিকেটের নির্দিষ্ট একটি মেয়াদ রয়েছে। তাই শুধু ভালো স্কোর অর্জন করলেই হবে না, সেটি কত দিন ব্যবহার করা যাবে, সেটিও জানা জরুরি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস স্কোরের বৈধতার মেয়াদ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, স্কোরের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে পরীক্ষা দিয়ে আবার স্কোর অর্জন করতে হয়।
বর্তমান নিয়ম অনুযায়ী, অধিকাংশ দেশে আইইএলটিএস স্কোর ফল প্রকাশের তারিখ থেকে দুই বছর পর্যন্ত বৈধ থাকে। পরীক্ষার্থীর টেস্ট রিপোর্ট ফরম (Test Report Form)-এ সামগ্রিক ব্যান্ড স্কোরের পাশাপাশি লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং-এই চারটি অংশের পৃথক স্কোরও উল্লেখ থাকে। একইসঙ্গে স্কোরের বৈধতার সময়সীমাও সেখানে উল্লেখ করা হয়।
সাধারণভাবে দুই বছর পার হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরির আবেদন কিংবা শিক্ষার্থী ভিসার জন্য ওই স্কোর আর গ্রহণযোগ্য থাকে না। সেক্ষেত্রে নতুন করে আইইএলটিএস পরীক্ষায় অংশ নিয়ে নতুন স্কোর অর্জন করতে হয়।
দেশভেদে বিভিন্ন নিয়ম
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান দুই বছরের বেশি পুরোনো আইইএলটিএস স্কোর গ্রহণ করে না। তাই আবেদন করার সময় স্কোরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কি না আগে থেকেই যাচাই করা জরুরি।
কানাডায় স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদনকারীদের ক্ষেত্রেও আবেদন প্রক্রিয়ার সময় আইইএলটিএস স্কোর বৈধ থাকতে হয়।
অন্যদিকে, সাধারণ পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে আইইএলটিএস স্কোরের মেয়াদ তিন বছর করার কোনো নিয়ম নেই। তবে অস্ট্রেলিয়ার কিছু ‘স্কিলড মাইগ্রেশন’ কর্মসূচিতে নির্দিষ্ট শর্তে তিন বছর পর্যন্ত পুরোনো আইইএলটিএস স্কোর গ্রহণ করা হতে পারে।
ওয়ান স্কিল রিটেকে কী সুবিধা?
আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক চালু আছে। আইইএলটিএস পরীক্ষার্থীরা ওয়ান স্কিল রিটেকের ফলে লিসেনিং, রিডিং, রাইটিং অথবা স্পিকিংয়ের মধ্যে থেকে যেকোনো একটি পরীক্ষা আবার দিতে পারেন। যারা প্রথম পরীক্ষায় একটি নির্দিষ্ট অংশে প্রত্যাশিত স্কোর পাননি, তাঁদের জন্য এটি কার্যকর একটি সুযোগ।
তবে এই সুবিধা নিতে হলে মূল আইইএলটিএস পরীক্ষার ৬০ দিনের মধ্যে ওয়ান স্কিল রিটেক বুক করতে হবে।
রিটেক পরীক্ষার পর পরীক্ষার্থী একটি নতুন টেস্ট রিপোর্ট ফরম পান, যা পড়াশোনা ও অভিবাসনের উদ্দেশ্যে ব্যবহার করা যায়।
যেসব দেশে ওয়ান স্কিল রিটেক চালু রয়েছে, সেখানে নতুন এই ফলও সাধারণভাবে দুই বছর পর্যন্ত বৈধ থাকে। তবে সব বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা অভিবাসন কর্তৃপক্ষ ওয়ান স্কিল রিটেকের ফল গ্রহণ করে না। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা জেনে নেওয়া জরুরি।
ধরা যাক, কোনো শিক্ষার্থী ২০২৬ সালের ২ আগস্ট আইইএলটিএস পরীক্ষায় অংশ নিয়েছেন। সে ক্ষেত্রে তার স্কোর সাধারণভাবে ২০২৮ সালের ২ আগস্ট পর্যন্ত গ্রহণযোগ্য থাকবে। এরপর বিদেশে নতুন কোনো আবেদন করতে চাইলে অধিকাংশ ক্ষেত্রে তাঁকে আবার আইইএলটিএস পরীক্ষা দিতে হবে।
তাই বিদেশে উচ্চশিক্ষা, চাকরি, পেশাগত নিবন্ধন বা অভিবাসনের পরিকল্পনা থাকলে শুধু ভালো স্কোর অর্জন করাই যথেষ্ট নয়; আবেদন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত স্কোরের বৈধতা থাকবে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞদের পরামর্শ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সময়সূচি, বৃত্তির আবেদন এবং ভিসা প্রক্রিয়ার সম্ভাব্য সময় বিবেচনায় রেখে আইইএলটিএস পরীক্ষার তারিখ নির্ধারণ করা উচিত। এতে স্কোরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ঝুঁকি কমে এবং পুরো আবেদন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা সহজ হয়।



