Sunday, August 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

কলাবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-শ্বাশুড়ি নিহত

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম

রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানের একটি বাসায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শ্বাশুড়ি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

হৃদয় ওরফে শিপন নামের অভিযুক্ত ওই ব্যক্তি ঘটনার পর কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগান থানার কাঁঠালবাগানের আল-আমিন রোডের একটি বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতরা হলেন, ফারজানা আক্তার রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪০)।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, “পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত হৃদয় ওরফে শিপন থানায় এসে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানায়, শনিবার স্বামী-স্ত্রী মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে এসে রাতে কাঁঠালবাগানের আল-আমিন রোডে শ্বশুরের বাসায় ওঠেন। রবিবার সকালে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় পিকআপ ভ্যানচালক হৃদয় স্ত্রী ও সন্তানকে নিয়ে আলামিন রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফারজানার মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে জামাতা শিপন এই ঘটনা ঘটান।

ঝগড়ার একপর্যায়ে হৃদয় ঘরে থাকা তরকারি কাটার ছুরি দিয়ে প্রথমে স্ত্রী ফারজানাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাধা দিতে এলে শাশুড়ি ফিরোজা বেগমকেও ছুরিকাঘাত করেন তিনি।

গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ফারজানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

   

About

Popular Links

x