চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র (পিডিবি) ও বলক ঘাট-সংলগ্ন নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে নদীতে একটি সাদা বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কাছে গিয়ে তারা দেখতে পান, বস্তার মুখ আংশিক খোলা এবং ভেতরে একটি অর্ধগলিত মরদেহ রয়েছে। পরে বিষয়টি কর্ণফুলী থানা ও নৌ-পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তাটি উদ্ধার করে।
বস্তা খুলে দেখা যায়, মরদেহটির হাত-পা রশি দিয়ে শক্তভাবে বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নারীটিকে হত্যার পর পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দী করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।”



