অন্তর্বর্তী সরকারের সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত ১৪,৩৮৪ জন প্রার্থীর যোগদান আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে মন্ত্রণালয়।
সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, “প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতায় তা বিলম্বিত হয়েছে। আশা করি, আসন্ন ২৯ অক্টোবরে তাদের যোগদান করা হবে।”
এর আগে, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের শেষ দিকে ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন কয়েক আগে তাদের নিয়োগ চূড়ান্ত করে ফল প্রকাশ করে অন্তর্বর্তী সরকার।



