চলতি বছরের জুলাইয়ে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে ভিডিও করে আলোচনায় আসেন সিলেটের এক শিক্ষিকা বিউটি রাণী পাল। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সম্প্রতি সিলেট জেলার মধ্যে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। সবমিলিয়ে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শিক্ষক বিউটি রাণীসহ আরও তিন শিক্ষক শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।
অন্য তিন শিক্ষক হচ্ছেন- সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
যেভাবে আলোচনায় আসেন বিউটি রাণী পাল
গত ২৩ জুলাই নিজের ফেইসবুক প্রোফাইলে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন বিউটি রাণী পাল। সেখানে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটার ওই ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করায় ট্রলের শিকার হন তিনি।
এর প্রতিবাদে ওই গানটিকেই প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন দেশের বিভিন্ন এলাকার শিক্ষকসহ সাংস্কৃতিকমনা মানুষেরা।
এর আগে, ২০২৩-এ জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন এই শিক্ষার্থী।



‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও প্রকাশ করে সংহতি জানাচ্ছেন শিক্ষিকারা