ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে নূর নবী পাটোয়ারী (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগষ্ট) বিকেল ৪টার দিকে নগরীর গোদারাঘাট পাওয়ার স্টেশনসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নূর নবী পাটোয়ারী জেলার তারাকান্দা উপজেলার কুণ্ডল বালিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মকবুল হোসেন বাংলাদেশ পুলিশের কিশোরগঞ্জ ডিএসবি শাখায় কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন মকবুল ও তার বাবা। ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় বাস থেকে নামার পর বাবাকে দাঁড় করিয়ে রেখে সিএনজি খুঁজতে যান তিনি। কিন্তু ফিরে এসে দেখেন, বাবা আর সেখানে নেই। মানসিকভাবে ভারসাম্যহীন থাকায় নিজের নাম-ঠিকানা বলতে পারতেন না নূর নবী, ফলে তাকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। বহু খোঁজাখুঁজির পরও না পেয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মকবুল। এর দুদিন পর আজ শনিবার শম্ভুগঞ্জ গোদারাঘাট পাওয়ার স্টেশনের কাছে নদের পানিতে ভেসে ওঠে তার মরদেহ।
নিহতের আরেক ছেলে রাকিবুল ইসলাম, যিনি ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকার একটি মসজিদে ইমামতি করেন, জানান তাঁর বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ও গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর সঙ্গে কারও সংশ্লিষ্টতা বা সন্দেহের অবকাশ নেই বলে জানিয়ে পরিবার কোনো মামলা করতে আগ্রহী নয় বলেও জানান তিনি। বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে থানায় লিখিত আবেদন করেছে পরিবার।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, জিডির ভিত্তিতে অনুসন্ধান চলাকালেই ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



