Friday, July 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটকের প্রাণহানি

রুমায় সড়কের খাড়া ও আঁকাবাঁকা ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা খাদে পড়ে যান

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম

বান্দরবানের রুমায় বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় টুরিস্ট গাইডের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরহানউদ্দিনে। রুপাইয়ার বাড়ি ঢাকার গাজীপুরে।  

পুলিশ সূত্রে জানা যায়, ১০ সদস্যের একটি পর্যটক দল বৃহস্পতিবার বগালেকে ভ্রমণে আসে। দলের আটজন রাতযাপনের জন্য বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার স্থানীয়দের নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে কেউক্রাডংয়ের উদ্দেশে রওনা হন। সেখান থেকে ফেরার পথে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকার একটি খাড়া ও আঁকাবাঁকা ঢাল বেয়ে নামার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যান।

ঘটনার পর তাদের খোঁজ না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাত প্রায় ১২টার দিকে গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, ওই পর্যটকরা স্থানীয় টুরিস্ট গাইড না নিয়েই সেখানে বেড়াতে যান। পরে স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশে গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x