Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

মায়ের হাতে বকা খাওয়ার ভয়ে ঘর ছাড়লো দুই বন্ধু, ট্রেনে চড়ে পাড়ি দিল শত মাইল

এক স্থানীয় হকারের সহায়তায় পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

পড়াশোনার চাপ, মায়ের বকুনি ও সহপাঠীদের সঙ্গে ঝগড়ার জেরে ঢাকা থেকে পালিয়ে ট্রেনে চড়ে প্রায় শত কিলোমিটার দূরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৌঁছে যায় দুই শিশু। পরে এক স্থানীয় হকারের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পলিয়ে আসা শিশু দুটির নাম মোহাম্মদ সানি (১১) ও সমবয়সী তোফায়েল আহমেদ। শুক্রবার (৩১ জুলাই) রাতে মায়ের বকুনি ও সহপাঠীদের সঙ্গে ঝগড়ার পর তারা এলাকা ছেড়ে চলে আসে।

জানা গেছে, শুক্রবার বিকেলে ধানমন্ডি লেকের পাড়ে খেলাধুলার সময় সহপাঠীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে তারা। পরিবারের শাসনের ভয়ে দূরে কোথাও গিয়ে কাজ করার উদ্দেশ্যে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ঢাকা ছেড়ে আসা এগারসিন্দুর গোধূলি ট্রেনে চড়ে বসে তারা। রাত সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে নেমে এদিক-ওদিক ঘোরাঘুরি করতে থাকে শিশু দুটি।

এ সময় সন্দেহ হয় স্থানীয় হকার হৃদয় মিয়ার (২৫)। তিনি তাদের সঙ্গে কথা বলে বাড়িতে নিয়ে যান। হৃদয় জানান, লেখাপড়ায় অমনোযোগিতার কারণে শিশুরা পরিবারের বকুনি খেত বলে তাকে জানিয়েছে।

সানি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। বাবা দ্বিতীয় বিয়ে করার পর মা রহিমা আক্তার সুমি তাকে নিয়ে কাজের সন্ধানে ঢাকায় চলে আসেন এবং বর্তমানে ধানমন্ডি এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করেন। তোফায়েল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। দুই পরিবারই ধানমন্ডি লেকপাড় এলাকায় বসবাস করে এবং শিশু দুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে।

কুলিয়ারচর থানা সূত্রে জানা যায়, পরিবারকে খবর দেওয়ার পর তারা এসে শিশুদের নিয়ে যায়। থানার ওসি মো. কাজী আরিফ উদ্দিন জানান, পরিবারের শাসনের ভয়ে শিশু দুটি এলাকা ছেড়ে চলে এসেছিল এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x