নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ আবদুল জব্বারের নাম ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মনোনীত প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বার জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমিরের দায়িত্বে রয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির বলেন, “আগামী নির্বাচনে জনগণের দল জামায়াতে ইসলামী প্রার্থী দেবে। আমরা আপনাদের কাছে সেরকম একজন মানুষ উপহার দিতে যাচ্ছি। বাংলাদেশ কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির  আব্দুল জাব্বার কিশোর জীবন থেকে তিলে তিলে যিনি সৎ চরিত্র ধারণ করেছেন, যার চোখে ও স্বপ্নে মানুষের কল্যাণ; সেই  প্রিয় জননেতা মওলানা আব্দুল জাব্বারকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে প্রার্থী ঘোষণা করছি।”

তিনি আরও বলেন, “অনেক দল প্রার্থী ঘোষণা করেছে, আরও অনেক দল প্রার্থী ঘোষণা করবে। আমরা সবাইকে সাধুবাদ জানাই। তবে আগামীতে সুষ্ঠু পরিবেশে  নির্বাচন হলে নারায়ণগঞ্জের মানুষ সৎ, দক্ষ, যোগ্য ও খোদা ভিরু মানুষকে জনগণ নির্বাচিত করবে।”

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।