আগস্টেই চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

আগামী আগস্ট মাস থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ জেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসার পাশাপাশি সড়কপথের প্রভাবশালী পরিবহন সিন্ডিকেটের একচ্ছত্র আধিপত্য ও দৌরাত্ম্য বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন পরিচালনার জন্য লোকোমোটিভ (ইঞ্জিন) প্রস্তুত রয়েছে। আগামী জুলাই মাসে নতুন যাত্রীবাহী কোচ দেশে এসে পৌঁছাবে। কোচগুলো হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই এই রুটে সরাসরি ট্রেন চলাচল উদ্বোধন করা হবে।

রেলমন্ত্রী বলেন, “চলতি বছরের আগস্টে দেশে দুটি নতুন রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা রুট এবং পরবর্তীতে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চালু করা হবে। ইতোমধ্যে এর প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।" পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, "মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বিত উদ্যোগে কাজ করা হচ্ছে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না, বরং জনস্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

পাবনার সচেতন মহলের মতে, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর এই সিদ্ধান্ত শুধু একটি নতুন পরিবহন সেবা নয়, বরং জেলার দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান। বর্তমানে এই রুটে যাতায়াতের জন্য যাত্রীদের সম্পূর্ণভাবে সড়কপথের ওপর নির্ভর করতে হয়। এই সুযোগে বাসভাড়া নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তির পেছনে একটি প্রভাবশালী পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। বিকল্প হিসেবে নিয়মিত ও নির্ভরযোগ্য রেলসেবা চালু হলে যাত্রীদের জন্য একটি প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে, যা সড়কপথের অদৃশ্য প্রভাবশালী গোষ্ঠীর একচ্ছত্র নিয়ন্ত্রণকে ভেঙে দেবে।

মতবিনিময় সভায় কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী রবিউল আলম জানান, প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) ও ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রণয়নসহ প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুততম সময়ে এই প্রকল্প বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।