কাপ্তাই হ্রদে ভেসে উঠলো নারীর মরদেহ

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠা এক নারীর মরদেহ উদ্ধার করেছে রাঙামাটি ফায়ার সার্ভির কর্মকর্তা। 

রবিবার (২১ জুন) সকাল ১০ টার দিকে শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ​নিহত নারীর নাম মুক্তা বড়ুয়া (২৮)। মুক্তা বড়ুয়া তার স্বামী অভিজিৎ বড়ুয়ার সাথে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার বিজিবি রোড সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন।  

জানা যায়, শুক্রবার (১৯ জুন) থেকে মুক্তা বড়ুয়া নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে দীর্ঘ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে গত শনিবার পরিবারের পক্ষ থেকে রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়।

সকালে স্থানীয়রা হ্রদের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশন লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে রেসকিউ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।