নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।
পরে তাকে বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদী বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য যুবদল নেতা সজীবকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে চাঁদাবাজির অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে সজীব জেলা পুলিশের সহযোগিতা কামনা করেন। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হবে। বর্তমানে সজীবকে ডিএমপির ডিবি কার্যালয়ের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।