বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবদেন-সতর্কতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিষয়টি আমলে নিচ্ছে না।
সোমবার (১৭ আগস্ট) সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক এক প্রতিবেদনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা একিউআইএস (AQIS) কর্তৃক বাংলাদেশে গোপন সেল ও নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আল-কায়েদার বিষয়ে সংবাদকর্মীরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমি শুনেছি, সেটা (জাতিসংঘের প্রতিবেদন) পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারবো না।’’
সরকার জাতিসংঘের প্রতিবেদন নিয়ে কি ভাবছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া, পত্রিকা থেকে আমি যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে তারা অনুমান করেছে যে, এ রকম হতে পারে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।’’
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর পরিবর্তনের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমিও গুঞ্জন শুনছি।’’
এর আগে, তিনি বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতের অর্জন তুলে ধরেন।



