বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি, প্রতিরক্ষা, শিক্ষা এবং ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৭ সালের মধ্যে ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি’ (এমবিএফটিএ) চূড়ান্ত করার ঐতিহাসিক লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ।
সোমবার (২২ জুন) মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রকাশিত ৩৩ দফার এক যৌথ বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।
যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই লক্ষ্যে চলমান মুক্ত বাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) সংক্রান্ত আলোচনার অগ্রগতিকে দুই দেশের নেতাই স্বাগত জানিয়েছেন এবং ২০২৭ সালের মধ্যে তা সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছেন।
এছাড়া, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা আরও গতিশীল করতে ‘মালয়েশিয়া-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল’ গঠনের অগ্রগতির বিষয়টি বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা যৌথ কমিশন বৈঠক (জেসিএম) ও দ্বিপাক্ষিক আলোচনা (বিসি) দ্রুত পুনরায় চালুর বিষয়ে একমত হয়েছেন দুই দেশের সরকারপ্রধান।
ভবিষ্যতের প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। যৌথ বিবৃতি অনুযায়ী: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফিনটেক, সাইবার নিরাপত্তা, ডিজিটাল গভর্ন্যান্স এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। বাংলাদেশে হাই-টেক পার্ক, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ডিজিটাল অবকাঠামো খাতে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পে মালয়েশিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের দ্রুত বিকাশমান তথ্যপ্রযুক্তি ও প্রকৌশল খাতকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে একটি সমন্বিত কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ, যা দুই দেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন মালয়েশিয়া সফরে যান। মালয়েশিয়ার সফরসূচি শেষে আজই তাঁর চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। আগামী ২৬ জুন চীন সফর শেষে তিনি দেশে ফিরবেন।