পাবনার সাঁথিয়া উপজেলায় জাম খাওয়ানোর কথা বলে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে আব্দুস ছালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২১ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ভুক্তভোগী কিশোরী উপজেলার ধোপাদহ ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত আব্দুস ছালাম ও একই ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ১৬ জুন কিশোরীর মা চিকিৎসার জন্য ঢাকায় গেলে মেয়েটি বাড়িতে একা ছিল। সেই সুযোগে প্রতিবেশী আব্দুস ছালাম ১৭ জুন বিকেলে তাকে জাম দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটি কাউকে না জানাতে কিশোরীকে ভয়ভীতি দেখানো হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসার পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়। এরপর রবিবার (২১ জুন) মেয়েটির মা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের পর মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।